বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর আমবাগানে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন।
রবিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সোহেল জানান, রাতে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইউনাইটেড পরিবহনের একটি বাস (চট্টমেট্রো-ব-১১-০২৯৬) ওই এলাকায় এলে বিপরীতমুখী লোহার অ্যাঙ্গেল বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এসময় লোহার অ্যাঙ্গেল ওই বাসের সামনে দিয়ে ঢুকে চালকের আসন হয়ে পেছন দিয়ে বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ও ২৬ জন আহত হন।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও শেরপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করলে সোমবার ভোরে আহতদের একজনের শজিমেক হাসপাতালে মৃত্যু হয়।

এমবিএইচ