রংপুর-৩ আসনে ফের ভোট পেছানোর দাবি করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। ভোটগ্রহণের দিন হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাসপ্তমীর দিন পড়ায় এ দাবি তুলেছে তারা। পরিষদের পক্ষ থেকে কমিশনে এ বিষয়ে আবেদন করা হয়েছে।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর জমা দেওয়া হয়েছে।

পরিষদের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল আজ সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে। পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

স্মারকলিপিতে আসন্ন শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিন ‘মহাসপ্তমী’তে রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের আয়োজনে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। এর পাশাপাশি সনাতনী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতি রক্ষায় ৫ অক্টোবর থেকে শারদীয় দুর্গোৎসবের পর অন্য যে কোনো তারিখে উপ-নির্বাচন পুনর্নির্ধারণের আবেদন জানানো হয়।

স্মারকলিপিতে আরো বলা হয়, এর অন্যথায় ওই আসনের ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভোট বর্জন করা ছাড়া বিকল্প কোনো পথ আর খোলা থাকবে না। প্রতিনিধিদলে ছিলেন, ড. নিমচন্দ্র ভৌমিক, কাজল দেবনাথ, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, মনীন্দ্র কুমার নাথ।

এএস