আসন্ন ঈদুল আয্হা উপলক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের দরিদ্র ও অসহায় দুস্থদের মাঝে বিশেষ বরাদ্ধকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে ভিজিএফ চাল বঞ্চিত শতাধিক দুস্থ নারী।
জানা যায়, উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: জাহিদ হাসান স্থানীয় মেম্বারদের সাথে কথা না বলেই বিভিন্ন ওয়ার্ডে স্বজন প্রীতির মাধ্যমে চাল বিতরণ শুরু করেন। এতে বিভন্ন ওয়ার্ডে প্রকৃত অসহায় দুস্থরা বাদ পরে যায়।
তারুন্দিয়া ইউনিয়নে প্রায় ৬ হাজার দুস্থের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও দেখা যায় ৫ থেকে ৭ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল ওজনে কম দেয়ায় অনেক দুস্থ ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে দুর্নীতির মাধ্যমে প্রায় অর্ধেক চাল কালো বাজারে চেয়ারম্যান বিক্রি করেছেন বলে অভিযোগ করেছেন তারুন্দিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মো. নূরুল হক। বিষয়টি নিয়ে গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।
বিষয়টি নিয়ে তারন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহিদ হাসানের সাথে কথা বললে তিনি স্বজন প্রীতি ও দুর্নীতির কথা অস্বীকার করে জানান, প্রত্যেকটি মেম্বারকে ডেকে পরিষদে এনে চাল বিতরনের সময় ও তারিখ জানিয়ে দেয়া হয়েছে। ৭নং ওয়ার্ড মেম্বার নূরুল হককে খবর দিলেও তিনি তার লোকজন নিয়ে পরিষদে আসেননি। যারা পরিষদে এসেছেন তারা কেউ খালি হাতে ফেরত যাননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার জানান, ইউপি সদস্য নূরুল হককে তার ওয়ার্ডের দুস্থদের নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে চাল সংগ্রহ করতে নির্দেশ দেয়া হয়েছে। দুর্নীতির বিষয়টি পরে খতিয়ে দেখা হবে।
ওএইচ/ এআর





