চাঁদাবাজি করতে গিয়ে পুরান ঢাকার ইস্ট বেঙ্গল মার্কেটে ব্যবসায়ীদের হাতে মার খেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাত নেতাকর্মী।মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে-বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আল মামুন কবির মামুন, ক্রীড়া সম্পাদক রবিন এবং উপ সম্পাদক রমিজসহ ৭ জন নেতাকর্মী ইস্ট বেঙ্গল মার্কেটে চাঁদাবাজি করতে যায়। তারা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের অনুসারী।

ইস্ট বেঙ্গল মার্কেটের মালিক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, ‘বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৭ জন নেতাকর্মী আমার কাছে এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি দিতে অস্বীকৃতি জানালে মামুন নামের একজন আমার সাথে অসদাচারণ করে।একপর্যায়ে তারা অন্যান্য দোকানেও চাঁদা চাইতে থাকে।'

পরে নীচতলার একটি দোকানে চাঁদা চাইতে গেলে মার্কেটের ব্যবসায়ীরা তাদের মারধর করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও মামুনসহ দুইজনকে আটক করেন ব্যবসায়ীরা। তাদের পুলিশে সোপর্দ করার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রনেতা মার্কেটে আসেন। পরে এ ধরণের ঘটনা আর ঘটবে না বলে তারা প্রতিশ্রুতি দিলে দুই ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, এ ধরণের কোন ঘটনা ঘটলে আমরা বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগকে অবহিত করবো। পরে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, ঈদকে সামনে রেখে রাজধানীর পুরান ঢাকায় ছাত্রলীগ নেতাকর্মীদের ব্যাপক চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ