আশুলিয়ায় শ্রমিক ছাটাইকে কেন্দ্র করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
ছাটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে স্থানীয় হেসং সোয়েটার লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ করে। শনিবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কবিরপুর এলাকার হেসং সোয়েটার লিমিটেডে সম্প্রতি ২১৪ জন শ্রমিককে ছাটাই করে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদে সকালে মহাসড়ক অবরোধ করে ছাটাইকৃত শ্রমিকরা। এসময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
একই সময় পলমল গ্রুপের একটি কাভার্ড ভ্যান ভাঙচুরের চেষ্টা করে অবরোধকারী শ্রমিকরা। এ সংবাদ পেয়ে পলমল গ্রুপের শ্রমিকরা পাল্টা ধাওয়া দেয় অবরোধকারীদের।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, মহাসড়ক অবরোধের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু তার আগেই মহাসড়ক সচল হয়ে গেছে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
জেআই





