সাতক্ষীরায় চন্দ্র শেখর সরকার (২২) নামের এক সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) ভোর রাতের দিকে তালা উপজেলায় বাড়ির পাশে এসডিএফ (সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) সমিতির ঘরের বারান্দার খুঁটির সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত চন্দ্র শেখর সরকার উপজেলার মাগুরা গ্রামের নিমাই সরকারের পুত্র।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মেহেদী রাসেল জানান, চন্দ্র শেখর সরকার বাংলাদেশ সেনাবাহিনীতে কক্সবাজার এলাকায় কর্মরত ছিলেন। কিছুদিন আগে তিনি ছুটিতে বাড়ি আসেন। শনিবার ভোর রাতের কোনও এক সময় বাড়ি পাশে এসডিএফ সমিতির বারান্দায় গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পরিবার। তবে কী কারণে এমন ঘটনা ঘটালো সেটি পরিবারের সদস্যরা বলতে পারেনি।

ওসি মেহেদী রাসেল জানান, শনিবার সকালে তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনেশ দেবনাথ জানান, চন্দ্র শেখর সরকার এখনও বিয়ে করেননি। সম্প্রতি ছুটিতে বাড়ি আসার পর বিয়ে বিষয়র পরিবারের সঙ্গে তার কথাবার্তা চলছিল।

এমবি