রাজধানীর মধ্যবাড্ডার লায়ন চক্ষু হাসপাতালের উল্টো পাশের বস্তিসহ কয়েকটি বাড়িতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার দুপুর ১২টা ৫৫ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। স্থানীয়দের সহায়তায় আগুন দুপুর ১টা ৫৫ মিনিটে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের বিষয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, প্রথমে বস্তিতে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। বস্তির আশপাশের বাড়িগুলোর বেশিরভাগই টিনশেডের। আর সে কারণেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে বেশ কয়েকটি টিনশেড বাড়িতে আগুন লেগে ধসেও পড়েছে।

তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। হতাহতের খবরও পাওয়া যায়নি।

উৎসুক জনতাকে সামাল দেয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়। মানুষকে সরিয়ে দেয়ার জন্য পুলিশ লাঠিচার্জও করে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় রামপুরা ব্রিজ থেকে বাড্ডা লিংক রোড পর্যন্ত একপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

এঘটনায় চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এবং আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেন জমা দিতেও বলা হয়েছে।

উল্লেখ্য, আগুনে টিনসেড ছয়টি দোতলা ঘর, ছয় থেকে সাতটি মুদির দোকান, হোটেল, সেলুনসহ মোবাইল ফোনের একটি দোকান ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রাস্ত ঘর ও দোকানগুলোর মালিক স্থানীয় ২১ নম্বর ওয়ার্ড কমিশনার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গনির।

এআই