[b]ঢাকা:[/b] আজ থেকে আর বিরোধী দলীয় নেতা নন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বৃহস্পতিবার সংসদ ভবনে দশম জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন,আজকে যারা শপথ নিয়েছেন তারাই সংসদ সদস্য। আর কোন সংসদ সদস্য নেই। নবম সংসদ আর নেই।
খালেদা জিয়াও সংসদ সদস্য নন,সুতরাং অবশ্যই খালেদা জিয়া আর বিরোধী দলীয় নেতা নন।
দশম জাতীয় সংসদ কত দিন থাকবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন,এই সরকার ৫ বছরের জন্য। ৫ বছর পর এই সরকারের আর থাকার সুযোগ নেই।
তবে তিনি বলেন,এই সংসদ কত দিন থাকবে তা নির্ভর করে প্রধানমন্ত্রীর উপর। প্রধানমন্ত্রী চাইলে যে কোন সময় সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন দিতে পারেন। সুতরাং আপনারা দেখেন প্রধানমন্ত্রী এই সংসদের মেয়াদ কত দিন রাখেন।
আওমী লীগের সাধারণ সম্পাদক বলেন,মন্ত্রিসভায় কারা থাকবে বা থাকবে না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। জাতীয় পার্টি কিভাবে থাকবে তা তারাই নির্ধারণ করবে।
বিএনপির সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন,সাবেক বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে আগেও বলা হয়েছে,আবারও আলোচনার আহ্বান জানানো হচ্ছে। এই আলোচনার ভিত্তিতে আগামীতে রাজনীতি কেমন হবে তা নির্ধারণ করা হবে।