[b]রাজশাহী:[/b] জেলার পবায় জাতীয় পার্টির (জাপা) নির্বাচনী মিছিলে ককটেল হামলা চালিয়েছে আওয়ামী লীগ কর্মীরা। এতে জাতীয় পার্টির ছয়জন কর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় পবা উপজেলার হরিয়ানের ৭ নম্বর ওয়ার্ডের হাজরাপুকুর মোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
হরিয়ান ইউনিয়ন জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্বাস আলী মিঠুন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হরিয়ান উনিয়নের হাজরাপুকুর রেল লাইন মোড় থেকে ওয়ার্ড জাতীয় পার্টির উদ্যোগে দলের প্রার্থী শাহাবুদ্দিন বাচ্চুর পক্ষে একটি নির্বাচনী মিছিল বের হয়।
মিছিলটি ওই এলাকার মসজিদ মোড়ের দিকে এগিয়ে যেতেই আগে থেকে সেখানে উৎপেতে থাকা ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিলে ককটেল হামলা চালায়। এতে জাতীয় পার্টির কর্মী চঞ্চল, মতিন ও মিলনসহ ছয় কর্মী আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এসময় ককটেল হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি শুনেছেন বলে জানান। এছাড়া অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি।