মুন্সীগঞ্জ সদরের বিনোদপুর এলাকায় অগ্নিদগ্ধ হয়ে দুই শিশুসহ একই পরিবারের ৪জন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে আনুমানিক দেড়টার সময় মর্মান্তিক এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফিরোজা বেগম (২৫), তার দুই বছরের ছেলে ফাহিম, তিন মাসের ছেলে মাসুল বিল্লাহ ও  শাশুড়ি। তবে শাশুড়ির নাম জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, বিনোদপুরে একটি ছাপড়া ঘরে ফিরোজা, তার স্বামী, দুই ছেলে ও শাশুড়ি থাকতেন। রাতে হঠাৎ ওই ঘরে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে যায়।
আগুন নেভানোর পর চারজনের লাশ উদ্ধার করা হয়। এসময় ফিরোজার স্বামী বাড়িতে ছিলেন না। তিনি বরগুনায় গ্রামের বাড়িতে গেছেন।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
[b]ঢাকা, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]