চট্টগ্রাম জেলার কদম রসুল এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের নিরাপত্তা কর্মী ও আনসারদের সঙ্গে গ্রামবাসীর কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।
সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, জমি ভরাট করতে আসা আবুল খায়ের গ্রুপের কর্মীদের অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ গ্রামবাসী। এ সময় গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালায় আনসার সদস্যরা। এর প্রতিবাদে বিক্ষুব্ধ গ্রামবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে।
স্থানীরা জানান, আবুল খায়ের গ্রুপের লোকজন সকালে বুলডোজার নিয়ে স্থানীয় সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় গ্রামের লোকজনের জমি ভরাট করতে আসলে স্থানীয়রা বাধা দেয়।
আবুল খায়ের গ্রুপের লোকজন গ্রামবাসীকে তাড়া করলে সংঘর্ষ বেঁধে যায়। আবুল খায়ের স্টিল মিলের আনসার সদস্যরা জোরপূর্বক গ্রামবাসীকে তাড়িয়ে দিতে চাইলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং তারা গুলি চালায় বলে বলে গ্রামবাসী জানান।
এ অভিযোগ অস্বীকার করে আবুল খায়ের গ্রুপের লোকজন নিজেদের কেনা জায়গা ভরাট করার কথা জানায়।
ঘটনাস্থলে থাকা সীতাকুণ্ড থানার এসআই মো. ফারুক জানান, দুই পক্ষই মুখোমুখি অবস্থান নেয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে পুলিশ গিয়ে গ্রামবাসীকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর