সিলেট-কোম্পানিগঞ্জ সড়কে ট্রাক শ্রমিকদের আহ্বানে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট চলছে। রাস্তা সংস্কার, ডাকাতি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে শনিবার থেকে এ ধর্মঘট পালন করছে সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন।
এদিকে, ধর্মঘট বন্ধের আহ্বান জানিয়ে বুধবার বিকেলে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক আহ্বান করেছে জেলা প্রশাসন। বিকেল ৩টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে বলে সূত্র জানিয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম জানান, সিলেট-কোম্পানিগঞ্জ সড়কে ধর্মঘট প্রত্যাহার করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সাথে ধর্মঘটের ব্যাপারে আলোচনার জন্য শ্রমিক নেতাদের নিয়ে সভার আয়োজন করা হয়েছে। সভায় সমঝোতা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে উল্লেখ করে সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান। একই সাথে তাদের দেওয়া তালিকার ডাকাতদের দ্রুত গ্রেফতার করারও আহ্বান জানান তিনি।
এদিকে লাগাতার ধর্মঘটের কারণে দেশের সর্ববৃহৎ কোয়ারি ভোলাগঞ্জ থেকে সারা দেশে পাথর সরবরাহ বন্ধ রয়েছে। ফলে স্থবিরতা নেমে এসেছে পাথর ব্যবসায়। পাথর উত্তোলনের ভরা মৌসুমেও বেকার হয়ে পড়ছেন পাথর উত্তোলন, পরিবহন ও ভাঙার সাথে সংশ্লিষ্ট অর্ধলক্ষাধিক শ্রমিক।
অন্যদিকে ধর্মঘট বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন কোম্পানিগঞ্জ উপজেলা স্টোন ক্রাশার মিল মালিক সমিতি, উপজেলা পাথর ব্যবসায়ী সমবায় সমিতি ও ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের নেতারা।
ধর্মঘট প্রত্যাহার না হলে পাথর সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী ও শ্রমিকরা কঠোর কর্মসূচির ডাক দেবেন বলে এক স্মারকলিপিতে উল্লেখ করেন।
গত শুক্রবার গভীর রাতে তিনটি ট্রাকে আক্রমণ চালায় ডাকাতরা। এ সময় আবদুস সালাম নামে (২৫) এক চালককে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। হামলায় আরও দুই চালক আহত হন। এছাড়া সড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় চালকরা ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছেন ও চাঁদাবাজিরও শিকার হচ্ছেন।
[b]সিলেট, জানুয়ারি ২৯, (টাইমনিউজবিডি),// এসএইচ[/b]