আশুলিয়ার একটি সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর করেছে প্রশিক্ষণার্থীরা। প্রশিক্ষকসহ মালিকপক্ষের লোকজনের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সাভারের ঘোষবাগ এলাকায় অবস্থিত ইউনিক গ্রুপের প্রতিষ্ঠান ইউনিক ভোকেশনাল ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষ জনশক্তি হিসেবে সিঙ্গাপুরে যাওয়ার উদ্দেশে ৩০ হাজার টাকার বিনিময়ে ৩ সহস্রাধিক কর্মী প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষণ গ্রহণ করছে। কিন্তু ৩ মাস মেয়াদের প্রশিক্ষণ শেষে দক্ষ কর্মী হিসেবে সিঙ্গাপুর পাঠানোর কথা থাকলেও ৯ থেকে ১১ মাস পেরিয়ে গেলেও কোনো প্রশিক্ষণার্থীকে সিঙ্গাপুরে পাঠায়নি কর্তৃপক্ষ। এছাড়া নিয়মনীতির তোয়াক্কা না করে নানা অজুহাতে দফায় দফায় প্রশিক্ষণ ফি বাড়ানোসহ প্রশিক্ষণকালীন সময়ে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ রয়েছে।
এসব অভিযোগে বৃহস্পতিবার দুপুরে বিক্ষুব্ধ প্রশিক্ষাণার্থীরা প্রতিষ্ঠানের ভেতরে ভাঙচুর শুরু করলে প্রশিক্ষকসহ মালিকপক্ষের লোকজনের সঙ্গে বাক-বিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়। এ ঘটনার প্রতিবাদে সিঙ্গাপুর গমনেচ্ছু প্রশিক্ষাণার্থীরা প্রতিষ্ঠান থেকে বের হয়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করায় সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ প্রশিক্ষণার্থীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রতিষ্ঠানটির ডিজিএম (অপারেশন) মেজবা উদ্দিন জানান,আমাদের প্রতিষ্ঠানে পরীক্ষা হওয়ার কথা ২৪ মার্চ। কিন্তু কোনো কোনো প্রতিষ্ঠানে ১৭ তারিখে পরীক্ষা শুরু হওয়ায় কে বা কারা প্রশিক্ষণার্থীদের পরীক্ষা হবে না বলে ভুল তথ্য দেয়ায় তারা উত্তেজিত হয়ে পড়ে। পরবর্তীতে বিষয়টি মীমাংসা হয়ে যাওয়ায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
[b]ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]