চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় পুলিশ ও যৌথবাহিনী পৃথক অভিযান চালিয়ে কলা উজান ইউনিয়ন জামায়াতের আমীর নাজিমুদ্দীনসহ ২০ জামায়াত-শিবিরকর্মীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার গভীর রাতে লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার বিভিন্নস্থানে এ অভিযান চালানো হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজাহান জানান, রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে কলা উজান ইউনিয়নের জামায়াতের আমীর নাজিমুদ্দীনসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
তিনি জানান, তাদের বিরুদ্ধে সাতকানীয়া-লোহাগাড়া আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের এমপি ড. আবু রেজা নদভীর ওপর হামলাসহ বিভিন্নস্থানে চালানো নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এদিকে, সাতকানিয়া উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১৩ জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, গ্রেপ্তার জামায়াত-শিবিরকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে।
[b]ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]