সদর উপজেলার ডুমদিয়া গ্রামে আলমগীর হোসেন (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন ডুমদিয়া কামারপাড়া গ্রামের আবু কালামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, একই এলাকার শাহাবুদ্দিনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন আলমগীর হোসেন। এ টাকা আদায় করা নিয়ে দু’জনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে রাত ১০টার দিকে শাহাবুদ্দিনের নেতৃত্বে একই গ্রামের জনি, আশরাফুল, রাশেদ, তুহিন ও সালামসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে আলমগীরের বাড়িতে হামলা চালান। একপর্যায়ে তারা আলমগীরকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]