কুষ্টিয়ায় বাসচাপায় শামীমা আক্তার বর্ণা (১৮) নামে এক কলেজ ছাত্রী ও ট্রাকচাপায় রমেছা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। 
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শহরের হরিশংকরপুর ও দবির মোল্লা গেট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত শামীমা আক্তার বর্ণা কুষ্টিয়ার খোকসা ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী এবং  বৃদ্ধা রমেছা বেগম ছেঁউড়িয়া মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কলেজ ছাত্রী শামীমা আক্তার বর্ণা কুষ্টিয়া শহর থেকে কেনা-কাটা শেষে তার মামা মিঠুর সঙ্গে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন।
এসময় শহরের হরিশংকরপুর এলাকায় তুলা বোঝাই দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে বর্ণা ঘটনাস্থলেই মারা যান।
এদিকে, শহরতলীর দবির মোল্লা রেলগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস রমেছা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক দুর্ঘটনার বিষয়গুলো নিশ্চিত করেছেন।
[b]কুষ্টিয়া, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]