[b]বগুড়া:[/b] তারেক রহমানকে অর্থ পাচার মামলায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়ার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার বগুড়া জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।  
সোমবার বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে হরতালের ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
এখানে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির তিন দিনব্যাপী কর্মসূচির শেষ দিনের জনসভা থেকে এমন ঘোষণা দেন তিনি।
সাইফুল ইসলাম বলেন,তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে নিম্ন আদালত অর্থ পাচার মামলায় খালাস দেয়ার পরেও দুদকের আপিল গ্রহণ এবং তাকে আদালতে আত্মসর্ম্পণের নির্দেশ দেয়া হয়েছে। যা বিএনপির বিরুদ্ধে সরকারের ষড়যন্ত্রের অংশ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন,সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম,সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন প্রমুখ সমাবেশে বক্তৃতা করেন।