উপজেলা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোটের আগে ঢাকাসহ ছয় জেলায় পুলিশ সুপার সমপর্যায়ের ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পুলিশ কর্মকর্তাদের বদলির প্রস্তাবে নির্বাচন কমিশন অনাপত্তি জানিয়েছে বলে কমিশনের কর্মকর্তা সূত্রে জানা গেছে। এরপরেও বদলি আদেশ প্রত্যাহার করা হয় নি।
জানা গেছে, নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর রহমানকে যশোরে পাঠানো হয়েছে। যশোরের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে উপ-পুলিশ কমিশনার করে ঢাকা মহানগরে আনা হয়েছে।
খুলনার পুলিশ সুপার গোলাম রউফ খানকে উপ-পুলিশ কমিশনার করে বরিশালে পাঠানো হয়েছে। খুলনায় তার স্থানে এসেছেন লালমনিরহাটের পুলিশ সুপার হাবিবুর রহমান।
ঢাকার উপ-পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফকে নোয়াখালীর পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে। বরিশালের উপ-পুলিশ কমিশনার টি এম মুজাহিদুল ইসলামকে পুলিশ সুপার করে লালমনিরহাটে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, চতুর্থ উপজেলা নির্বাচনের চতুর্থ দফায় রোববার দেশের ৪৩ জেলার ৯১ উপজেলায় ভোটগ্রহণ হবে।
ইতোমধ্যে তিন পর্বে দেশের ২৯৪ উপজেলায় ভোট শেষ হয়েছে। পঞ্চম পর্যায়ে ৭৪ উপজেলায় ভোট হবে ৩১ মার্চ। দেশের ৪৮৭ উপজেলার বাকিগুলোয় মে মাসে ভোট হবে।
[b]ঢাকা,২২,মার্চ,টাইমনিউজবিডি//জেইউ[/b]