[b]ঢাকা:[/b] রাজধানীর মধ্যবাড্ডায় ছাত্রশিবির বিক্ষোভ মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে । এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
রোববার সকাল ১০টার দিকে মধ্যবাড্ডার আরএফএল সেন্টারের সামনের সড়কে মিছিল বের করে ঢাকা মহানগর উত্তর শাখার ছাত্রশিবির।এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিবিরকর্মীদের ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। তবে ঘটনাস্থল থেকে শিবিরকর্মী সন্দেহে এক জনকে আটক করা হয়।
এ ব্যাপারে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বলেন, ১০-১৫ জন শিবিরকর্মী মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় তারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ এক শিবিরকর্মীকে আটক করা হয়।
তবে ওই শিবিরকর্মীর নাম-পরিচয় জানায়নি তিনি।