নির্বাচন পরবর্তী সহিংসতা এবং সংখ্যালঘুদের ওপর হামলায় সরকার দলীয় লোকজনই জড়িত বলে মন্তব্য করেছেন বেগম খালেদা জিয়া। কালো নির্বাচন থেকে জনগণের দৃষ্টি ফিরানোর জন্যই পরিকল্পিতভাবে তারা এ আক্রমণ চালাচ্ছে বলে তিনি দাবি করেন। সরকারকে এ ব্যাপারে তিনি দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
আজ বিকেলে হোটেল ওয়েস্টিনে সাংবাদিক সম্মেলনে বেগম খালেদা জিয়া সরকার দলকে সহিংসতার জন্য দায়ী করে এ মন্তব্য করেন।
বেগম খালেদা জিয়া বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে জনগণের সম্পৃক্ততা ছিলনা। আবার জনগণের ভোটে নির্বাচিত হবে জনগণের সরকার।
স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখলকারীদের সর্বশেষ পরিণতি কখনো শুভ হয়না বলে তিনি বলেন, ৫জানুয়ারির নির্বাচনে  শতকরা ৫ ভাগ ভোটও পড়েনি অথচ সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন বলছে ৪০ ভাগ ভোট পড়েছে।
তিনি আরও বলেন, এ নির্বাচনেই প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়না। এ নির্বাচনকে জনগণ গ্রহণ করেনি। দেশি বিদেশি কেউ এ নির্বাচনকে মেনে নিয়নি।