ঢাকা: সাতক্ষীরা জেলায় রাস্তার পাশের সরকারী সাতটি গাছ কাটায় ৫০টি গাছ লাগানোর শর্তে হাইকোর্ট থেকে জামিন পেলেন এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
সাতক্ষীরা জেলার সদর উপজেলার শিয়ালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদকে এ শর্ত সাপেক্ষে ছয়মাসের জামিন দেয়া হয়।
একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে গাছ লাগানোর বিষয়টি নিশ্চিত করে হলফনামার মাধ্যমে আদালতে উপস্থাপন করার কথা বলা হয়েছে। আর গাছ লাগানোর বিষয়টি তদারকি করবেন সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব আদালতে শুনানি করেন।
গত বছরের ৩-৪ মার্চ ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজন লোক জনতাবদ্ধ হয়ে রাস্তার পাশের সাতটি সেগুন ও মেহগুনি গাছ কেটে ফেলে।
তার প্রেক্ষিতে ৮ মার্চ উপজেলা পরিমাপক হাসানুজ্জামান বাদী হয়ে এ চেয়ারম্যানসহ ২২জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
অভিযোগে বলা হয়, চেয়ারম্যানসহ বেশ কিছু লোক জনতাবদ্ধ হয়ে অস্ত্রসস্ত্র নিয়ে সাতটি গাছ কাটে। যার বাজার মূল্য ছিল চার হাজার টাকা।