[b]চাঁপাইনবাবগঞ্জ[/b]: নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ সাটু হল মোড়ে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষ,ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন।
বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন,নবাবগঞ্জ কলেজের ১ম বর্ষের ছাত্র মামুনুর রশিদ। এছাড়া পাপ্পু বর্মণ,সোহেল,মজিদ,পরশ,তাসলিম এবং আশিক নামের আরও ৬ জন আহত হন।
এদের মধ্যে ৩ জনকে চাঁপাইবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে মামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়,দুপুরে শহীদ সাটু হল মোড়ে জেলা ছাত্র সংগ্রামের উদ্যোগে শিবগঞ্জ উপজেলা শিল্প সমিতির সভাপতি ও ব্যবসায়ী এনামুল হককে পুড়িয়ে হত্যা,জামায়াত-শিবিরের সন্ত্রাস,জালাও-পোড়াওসহ নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়া হয়।
এ সময় শিবিরের নেতাকর্মীরাও হরতালের সমর্থনে মিছিল করার চেষ্টা চালায়। একপর্যায়ে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়।
এ সময় ৮ থেকে ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটে। একপর্যায়ে ছাত্রলীগ পিছু হটলে ছাত্রসংগ্রাম পরিষদ কর্মীদের সঙ্গে আবারও শিবির কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
সদর থানার ওসি জসিম উদ্দিন জানান, পুলিশ প্রায় ৩০ রাউণ্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শিবিরের ২ কর্মীকে আটক করা হয়েছে।
পরে ছাত্রসংগ্রাম পরিষদের কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।