ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস ও লেগুনার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই লেগুনার যাত্রী। এ ছাড়া আহত হয়েছেন ১০ জন। হতাহতরা সবাই টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আমতলীতে এই দুর্ঘটনা ঘটে বলে ভালুকা মডেল থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান।
স্থানীয়রা জানান,ত্রিশাল থেকে একটি লেগুনায় করে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে যোগ দিতে যাচ্ছিলেন মুসল্লিরা। পথিমধ্যে মহাসড়কের ভালুকা উপজেলার আমতলী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় লেগুনাটির। সংঘর্ষে ঘটনাস্থলেই তিন লেগুনাযাত্রী প্রাণ হারান। সংকটাপন্ন অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর আরো দুজন মারা যান।
ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ