[b]চট্টগ্রাম:[/b] জেলার মিরসরাইয়ে শিবিরের মিছিলে ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়েছে। এসময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ শিবিরকর্মীকে পুলিশে সোপর্দ করেছে তারা।
সোমবার চট্টগ্রামের মিরসরাই সদরে এ ঘটনা ঘটে।
মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, শিবিরের ঝটিকা মিছিল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। তবে তিনি আটককৃতদের নাম জানাতে পারেননি ।
জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিবিরকর্মীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সোমবার দুপুরে মহাসড়কের মিরসরাই সদর এলাকায় বিক্ষোভ সমাবেশ চলাকালে ছাত্রলীগকর্মীরা চতুর্দিক থেকে হামলা চালায়। এতে সমাবেশটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ধাওয়া দিলে শিবিরকর্মীরা অলিগলিতে আশ্রয় নেয়। এসময় বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে কমপক্ষে ১০ জনকে পিটিয়ে আহত করে পুলিশে সোপর্দ করে ছাত্রলীগ।
উপজেলা শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মাসুম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা মামুনকে হত্যার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগকর্মীরা অতর্কিত হামলা চালায়।
উপজেলা ছাত্রলীগ নেতা মাঈনুল ইসলাম মিল্টন বলেন, শিবির ঝটিকা মিছিল বের করে নাশকতার চেষ্টা চালায়। ছাত্রলীগকর্মীরা তাদেরকে প্রতিরোধ করেছে।





