[b]ঢাকা: [/b]দশম জাতীয় সংসদের পুনঃনির্বাচন চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রোববার নবম জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুই জয়নুল আবেদীন ফারুক এ রিটটি দায়ের করেন।
রিটে আইন সচিব, মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিব, নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, স্পীকার, জাতীয় সংসদ সচিব এবং নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে।
একই সঙ্গে নির্বাচন কমিশন কর্তৃক ২৯০ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ ও শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারির আবেদন করা হয়েছে।
এছাড়া রুল শুনানি শেষ না হওয়া পর্যুন্ত দশম জাতীয় সংসদের কোন অধিবেশন যেন না বসতে এবং এসব সংসদ সদস্যকে কোন প্রকার পারিতোষক না দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।
আবেদনে বলা হয়েছে, সংবিধানের ৭ ও ১১ অনুচ্ছেদে আছে, জনগনের কার্যেকরী অংশগ্রহন ও সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই গত ৫ জানুয়ারির নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচন দিতে রুল জারির প্রার্থনা করা হয়।
আগামীকাল এ আবেদনের শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসিম।
এর আগে সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ মন্ত্রীপরিষদ গঠন ও শপথ স্থগিতের জন্য আরেকটি রিট করেন। এ রিটেও এমপিদের গেজেট ও শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।