[b]ঢাকা:[/b] বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদকে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
গত ৩১ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা শাখার সিনিয়র সহকারী সচিব মো. ফিরোজ উদ্দিন খলিফা স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিস দেওয়া হয়। এতে বলা হয়, অতিজরুরি ভিত্তিতে আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর বিষয়ে মন্ত্রণালয়কে ব্যাখ্যা দেওয়ার জন্য চেয়ারম্যানকে অনুরোধ করা হয়। অর্থ মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির সদস্য মো. ফজলুল করিম গত ১৯ ডিসেম্বর নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করলে মন্ত্রণালয় থেকে এ চিঠি ইস্যু করা হয়।
সূত্র আরও জানায়, চিঠিতে আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে তার মধ্যে রয়েছে-আইডিআরএ চেয়ারম্যান প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের বাসস্থান নির্মাণের অজুহাতে কর্তৃপক্ষের ব্যয় নির্বাহের পর উদ্ধৃত অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়া, কর্তৃপক্ষের সভার কার্যবিবরণী সদস্যদের সম্মতি ছাড়াই গোপনে পরিবর্তন করে ভিত্তিহীন তথ্য সংযোজন-বিয়োজন করা, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইন ২০১০-এর ১৩ নম্বর ধারা অনুযায়ী প্রতিমাসে কমপক্ষে একবার সভায় মিলিত হওয়ার বাধ্যবাধকতা থাকলেও তা আমলে না নেওয়াসহ অসংখ্য অভিযোগ উত্থাপন করা হয়েছে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগ থেকে চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। এছাড়া ইতোপূর্বে আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে বীমা কোম্পানির এমডি নিয়োগ, একাধিক গাড়ি ব্যবহার, বীমা কোম্পানির প্রধান মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ সংক্রান্ত প্রবিধানে এমডির শিক্ষাগত যোগ্যতা বিষয়টি কাউকে না জানিয়ে গোপনে বদল করাসহ অসংখ্য অভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]