রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে ১ স্কুলছাত্রসহ ৩জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫জন। শনিবার দুপুরে বৃষ্টির সময় এ দুর্ঘটনা দুটি ঘটে।
বজ্রপাতে নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার মধুপুর কাজীপাড়া গ্রামের কৃষক নুরন্নবী (৫২), কালুপাড়া ইউনিয়নের কচুরিপাড়া গ্রামের নরসুন্দর মজিবর রহমান (৪৫) ও গুটিরডাঙ্গা উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র তাজকুল ইসলাম (১৫)।
আহত ব্যক্তিরা হলেন- উপজেলার কালুপাড়া গ্রামের ৯ম শ্রেণির ছাত্র সাগর হোসেন (১৪), কৃষক নুরন্নবীর ছেলে ফেরদৌস রহমান (১২) এবং হানিফুল ইসলাম (২০), রশিদুল ইসলাম (১৫) ও পদাগঞ্জ গ্রামের আলমগীর হোসেন (৩৫)। তাঁদের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আজ সকাল থেকে উপজেলায় বৃষ্টি শুরু হয়। দুপুরের দিকে বৃষ্টি কমলে মধুপুর কাজীপাড়া গ্রামের কৃষক নুরন্নবী গোয়াল থেকে গরু বের করার সময় বজ্রপাতে নিহত হন। এ সময় আহত হয় তাঁর ছেলে ফেরদৌস রহমান (১২)।
বজ্রপাতের দ্বিতীয় ঘটনাটি ঘটেছে উপজেলার গুটিরডাঙ্গারহাটে। স্থানীয় হাটের একটি মুদি দোকানের সামনে দাঁড়িয়েছিল নরসুন্দর মজিবর রহমান ও স্কুলছাত্র তাজকুল ইসলাম। বজ্রপাতে তারা ঘটনাস্থলে নিহত হন।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]