ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের জন্ম স্থান গোপালগঞ্জের নাম বদলে দেয়ার হুমকির অভিযোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজের আদালতে  আবারো মানহানির মামলা করেছেন আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মোল্লা।
বৃধবার ঢাকা মহানগর হাকিম বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় মামলাটি আমলে নেয়ওয়ার বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
গত মঙ্গলবার একই অভিযোগে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী একটি মামলা দায়ের করেন। তবে একই আদালত সে মামলাটি খারিজ করে দেন।
গত ২৯ ডিসেম্বর ১৮ দলের গণতন্ত্রের অভিযাত্রা 'মার্চ ফর ডেমোক্রেসি' কর্মসূচিতে অংশ নেয়ার উদ্দেশ্যে বিকেলে গুলশানের নিজ বাসভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন খালেদা জিয়া। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বাধা দেয়।
এ সময় খালেদা জিয়া সাংবাদিকদের সাথে আলাপকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যের আচরণে ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে দেশ কোথায় জানতে চেয়ে খালেদা জিয়া বলেন, ‘দেশ কোথায়, গোপালী?  ক্ষমতায় গেলে গোপালগঞ্জের নামই বদলে দেব। গোপালগঞ্জের নামই থাকবে না।'
তিনি আরো বলেন, কতো জন বিডিআর অফিসারকে হত্যা করা হয়েছে, কতো আলেমকে হত্যা করা হয়েছে, যারা এসব করছেন, আপনাদের ওপর আল্লাহর গজব পড়বে।
খালেদা জিয়া বলেন, আলেম উলামা ও শহীদের রক্তে বেয়ে নৌকা কখনো গন্তব্যে পৌঁছাবে না।