[b]সিরাজগঞ্জ:[/b] জেলার কাজকাজীপুর উপজেলার পাঁচগাছিতে মাদ্রাসা ছাত্রকে গলা কেটে এবং সদর উপজেলার রেলওয়ে কলোনীতে চা দোকানি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
নিহতরা হলেন-কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামের ওহাবের ছেলে ও সোনামুখী মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র সাকিল আহমেদ(১৪) এবং শহরের রেলওয়ে কলোনীর মৃত হারান সেখের ছেলে চা বিক্রেতা মহির উদ্দিন (২৫)।
মহির উদ্দিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে পুলিশ গোলাম ও উজ্জল নামে দুই যুবককে আটক করেছে।
সদর থানার উপ-পরিদর্শক বদিউজ্জামান জানান,রোববার রাত ৯টার দিকে রেলওয়ে কলোনী মাদ্রাসার সামনে মহিরকে বুকের মাঝখানে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দোকানের পাওনা টাকা চাওয়ায় আটককৃত যুবকরা হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তার ছেলে সাদ্দাম হোসেন হত্যা মামলা দায়ের করেছে।
অপরদিকে,কাজিপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, দুপুরে জমিতে পানি দেয়ার কথা বলে সাকিল বাড়ি থেকে বের হয়। রাত ৯টার দিকে পার্শ্ববর্তী নদীর ধারে একটি ভুট্টাক্ষেতের মধ্যে তার জবাই করা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়।
রাতেই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের চাচা আব্দুল ওয়াদুদ বাদী হত্যা মামলা করেছে। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।