[b]ঢাকা:[/b] বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার রমনা থানার একটি মামলায় খন্দকার মাহবুব হোসেনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করলে, ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী খন্দকার মাহবুবকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সংশ্লিষ্ট থানার জিআরও মাহমুদুর রহমান।
বোমাবাজির মামলায় গত বুধবার ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার উচ্চ আদালত তা বাতিল করে দেন।
এর আগে তাকে ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আটক করা হয় মাহবুবকে।
এরপর গত ৪ জানুয়ারি ঢাকা মহানগর রমনা জোনের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে বোমা হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে ওই বোমা হামলায় উস্কানি দেওয়ার অভিযোগ করা হয়েছে।