বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দলের গুলিতে বরের বড় ভাই আহম্মদ ছফা (৫০) নিহত হয়েছেন।
শুক্রবার গভীর রাতে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের কাগজীখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছফা স্থানীয় মৃত সুলতান আহম্মদের ছেলে।
এ সময় ডাকাতের উপর্যুপরি ছোড়া গুলিতে আরো পাঁচ ব্যক্তি গুলিবিদ্ধসহ নয় জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রুহুল আমিন, মোহাম্মদ জোবায়ের, আলী ইবদুহার, হোসেন আহম্মেদ ও জিহাদের নাম জানা গেছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ১২টার দিকে বিয়েবাড়িতে ১০/১৫ জনের সশস্ত্র একটি ডাকাতদল হানা দেয় । এসময় তারা এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। গুলিতে বরের বড়ভাই আহম্মদ ছফা ঘটনাস্থলে নিহত হন।
এসময় সংঘবদ্ধ ডাকাতরা প্রায় ৫০ ভরি স্বর্ণলংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। রাতেই খবর পেয়ে ওসি আনিসুর রহমান, বাইশারী ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস
[/b]