টাঙ্গাইলের মির্জাপুরে প্রকাশ্যে দিবালোকে আব্দুর রহিম (৩৫) নামে এক কাঠ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
রবিবার সকালে উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিমের বাড়ি উপজেলার বেলতৈল গ্রামে। তার বাবার নাম মো. কাশেম সিকদার।
পুলিশ জানায়, রবিবার সকালে আব্দুর রহিম হাটুভাঙা বাজার সংলগ্ন বন বিভাগের জায়গায় তার ক্রয়কৃত কাঠ রাখতে গেলে প্রতিপক্ষ চিতেশ্বরী গ্রামের আবুল বাশার বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে আবুল বাশার ও তার ছেলে নাসির উদ্দিন, হারুন অর রশীদ এবং তাদের আত্মীয় আজিজুল মিলে আব্দুর রহিমকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় আব্দুর রহিমকে কুমুদিনী হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আব্দুর রহিমের চাচা তরব আলী সিকদার বাদী হয়ে সাতজনকে আসামি করে মির্জাপুর থানায় একটি মামলা করেছেন।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]