[b]চুয়াডাঙ্গা:[/b] প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদকে তার নিজ জেলা চুয়াডাঙ্গায় অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে চুয়াডাঙ্গা জেলা বিএনপি এ ঘোষণা দেন। একইসাথে তার কুশপুত্তলিকা দাহ করেছে নেতাকর্মীরা।  
জানা গেছে, জেলা বিএনপির কার্যালয় থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। তারা শহরের শহীদ হাসান চত্বরে পৌঁছে সিইসির কুশপুত্তলিকা দাহ করে।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীনকে তার নিজ জেলা চুয়াডাঙ্গাতে অবাঞ্চিত ঘোষণা করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সহ-সভাপতি এম জেনারেল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, দপ্তর সম্পাদক আ স ম আব্দুর রউফ, সদর উপজেলা বিএনপির সভাপতি শামীম রেজা ডালিম প্রমুখ।
বক্তারা অবিলম্বে প্রহসনের নির্বাচন বাতিল করে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন।