কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় মনোহরগঞ্জ-হাসনাবাদ সড়কের উপজেলার বাইজগাও এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতা শহিদুল্লাহ খান সবুজ (২৭)সহ চার জন আহত হন। রাত ১১টায় কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদুল্লাহ খান সবুজের মৃত্যু হয়।
শহীদুল্লাহ খান সবুজ উপজেলার ৬নং মৈশাচুয়া ইউনিয়নের মৈশাচুয়া গ্রামের মৃত সুলতান খানের ছেলে।
আহতরা হলেন- উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নোমান, ছাত্রলীগ নেতা নুরে আলম ও অপর মোটরসাইকেল চালক আরিফুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মনোহরগঞ্জ-হাসনাবাদ সড়কের বাইজগাও এলাকায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগের তিন নেতাসহ অপর মোটরসাইকেল চালক আরিফুর রহমান গুরুতর আহত হন। আহতদের প্রথমে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রলীগ সভাপতি শহিদুল্লাহ খান সবুজের মৃত্যু হয়।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
[b]ঢাকা,২৬ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]