আগামীকাল বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস। সারা বিশ্বের সাথে বাংলাদেশ যথাযোগ্য আনুষ্ঠানিকতায় দিবসটি উদযাপন করবে। এ উপলক্ষে বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
জেলা ও উপজেলা কার্যালয়, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য- 'হতে হবে সোচ্চার। সাগরের উচ্চতা বাড়াবোনা আর'। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে সাগরের উচ্চতা বৃদ্ধির ফলে জীববৈচিত্রের উপর ক্ষতিকর প্রভাব রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।
এই প্রতিপাদ্য নিয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয় বৃক্ষ রোপণ, লিফলেট, পোস্টার প্রকাশ ও প্রচার, জাতীয় পর্যায়ে শোভাযাত্রা, আলোচনা অনুষ্ঠান, জাতীয় পরিবেশ পদক প্রদান, শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, পরিবেশ মেলার আয়োজন করেছে।
জাতীয় পর্যায়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে আগামীকাল সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা ও জাতীয় পরিবেশ পদক ২০১৪ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠান উদ্বোধন ও পদক প্রদান করবেন।
বুধবার সকালে এ উপলক্ষে মন্ত্রণালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রাঙ্গন থেকে এই শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণে এসে শেষ হয়।
বাংলাদেশ টেলিভিশনে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীর নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে গাছের চারা রোপণ করা হবে।
বাণিজ্যমেলা মাঠে এ উপলক্ষে আগামীকাল থেকে সপ্তাহব্যাপি পরিবেশ মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত। এছাড়াও মেলা প্রাঙ্গনের বটতলায় ৬ জুন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ৬ জুন থেকে ১১ জুন প্রতিদিন বিকালে আগারগাঁওস্থ বন ভবন মিলনায়তনে পরিবেশ বিষয়ক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে দেশের পরিবেশ বিজ্ঞানী, বিশেষজ্ঞ, দাতা সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং উন্নয়ন কর্মীরা অংশ নেবেন।
৮ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চেৌধুরী সিনেট ভবনে 'জলবায়ু পরিবর্তনের ঝুঁকি: বাংলাদেশ প্রেক্ষিত' এবং 'জলবায়ু পরিবর্তনের প্রভাব, সাগরের উচ্চতা বৃদ্ধি প্রতিরোধে যুব সমাজের ভূমিকা' বিষয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]