ব্যাপক সহিংসতার কারণে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সোমবার বেলা সোয়া ১১ টায় স্থগিত করা হয় এই দুই কেন্দ্রের ভোটগ্রহণ। স্থগিত ভোট কেন্দ্র  দুটি হচ্ছে ২৫ ও ২৬ নম্বর ।
এ বিষয়ে  সচিবালয়ের সহকারী সচিব আশফাকুর রহমান বলেন, ব্যাপক সহিংসতা ও ভোট কেন্দ্র দখলের কারণে স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ২৫ ও ২৬ নম্বর ভোট কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছেন।
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ দফায় আজ (সোমবার) ১২টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে।  সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয় এবং  চলবে টানা বিকেল চারটা পর্যন্ত।
নির্বাচন কমিশন গত ১৬ এপ্রিল শেষ ধাপে ১৪টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে। কিন্তু সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে পটুয়াখালীর রাঙ্গাবালী ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। তাই আজ ১২টি উপজেলায় নির্বাচন হচ্ছে। ভোট হচ্ছে রংপুরের সদর, কাউনিয়া, গঙ্গাচড়া ও পীরগাছা উপজেলা; সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার তালতলী, রাজবাড়ীর কালুখালী; গাজীপুরের সদর, টাঙ্গাইলের বাসাইল, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এবং কুমিল্লার আদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায়।
চেয়ারম্যান পদে ৬৪, ভাইস চেয়ারম্যান পদে ৬৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের মোট ভোটার ১৮ লাখ ৪৫ হাজার ১৩৩ জন।
এছাড়াও ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় শুধু চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে।এ উপজেলায় মাত্র তিনজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
[b]ঢাকা, এ এম, ১৯ মে (টাইমনিউজডিবি.কম) //কেবি[/b]