[b]নারায়ণগঞ্জ:[/b] সদর উপজেলার ফতুল্লায় শেখ ফজলুল হক মনি স্মৃতি সংসদ কার্যালয়ে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রোল ভর্তি একটি বোতল উদ্ধার করেছে।
মঙ্গলবার সকালে এ পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ফতুল্লার কাশীপুর এলাকাতে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের পাশে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি স্মৃতি সংসদে কতিপয় দুর্বৃত্ত পেট্রোল বোমা ছুড়েছে। এতে স্মৃতি সংসদে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে পেট্রোল ভর্তি একটি বোতল উদ্ধার করা হয়েছে।