[b]ঢাকা: [/b]প্রসাধনী পণ্য প্রস্তুতকারী মার্কিন কোম্পানি রেভলন চীনে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। কোম্পানিটি চীনে নেমস্যাক ও অ্যালমি ব্র্যান্ডের মাধ্যমে নিজেদের কার্যক্রম পরিচালনা করত। কোম্পানিটির এ পদক্ষেপে ৯৪০ জন রূপচর্চা পরামর্শকসহ মোট ১ হাজার ১০০ জন চাকরি হারাবেন। খবর ব্লুমবার্গের।
মূলত চীনের বাজারে ক্রমান্বয়ে বিক্রি কমতে থাকা এবং চীনা গ্রাহকদের বেশি দামি ব্র্যান্ডের পণ্যের প্রতি অনীহার কারণেই দেশটি থেকে কার্যক্রম তুলে নিল রেভলন।
নিউইয়র্ক শেয়ারবাজারের বিএমও ক্যাপিটাল মার্কেটের গবেষক কনি ম্যানিয়াটি জানান, চীনের বাজারে রেভলন তেমন একটা প্রভাব বিস্তার করতে পারেনি। এ কারণেই দেশটি থেকে নিজেদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে তারা।
এদিকে রেভলনের মোট বিক্রির ২ শতাংশ আসত চীন থেকে। বর্তমানে দেশটি থেকে কার্যক্রম তুলে নেয়ার ফলে কোম্পানিটিকে কর-পূর্ববর্তী ২ কোটি ২০ লাখ ডলার চার্জ গুনতে হবে। এর পরও কোম্পানিটি বছরে ১ কোটি ১০ লাখ ডলার ব্যয় কমাতে পারবে। যদিও ২০১২ সালে কোম্পানিটির মোট রাজস্বের ৪৪ শতাংশই এসেছে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে।
দামি পণ্যের ওপর চীনা গ্রাহকদের আগ্রহ কমে যাওয়ায় দেশটিতে কার্যক্রম পরিচালনাকারী বেশির ভাগ পশ্চিমা কোম্পানিই বেশ সমস্যায় রয়েছে। ফলে আয় ও বিক্রি কমার পাশাপাশি স্থানীয় কোম্পানিগুলোর কাছে ক্রমান্বয়ে বাজার শেয়ারও হারাচ্ছে তারা।
২০১১ ও ২০১২ সালে ক্রমান্বয়ে আয় কমেছে রেভলনের। এর পরও রেভলন অন্যান্য কোম্পানি অধিগ্রহণ ও নতুন নতুন পণ্য বাজারে আনার কার্যক্রম চালিয়ে যেতে থাকে। গত বছরের শুরুর দিকে তারা কলোমার গ্রুপকে কিনে নেয়। এর ফলে বেশ কয়েকটি আকর্ষণীয় পণ্য যোগ হয় তাদের তালিকায়।
রেভলনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে তাদের প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছে লরেঞ্জো ডেলপানি। এর আগে তিনি কলোমারের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করতেন। তবে এটি কলোমারকে অধিগ্রহণের ফলে স্বাক্ষরিত কোনো শর্ত নয় বলে জানায় রেভলন। পাশাপাশি রেভলনের কার্যক্রম আরো সম্প্রসারণের জন্যও কাজ করে যাচ্ছে কলোমার। এর ফলে কোম্পানিটি তাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আরো ভালোভাবে প্রতিযোগিতা করতে পারবে। এর মধ্যে রয়েছে প্রোক্টর অ্যান্ড গ্যাম্বল ও ইউনিলিভার।
[b]টাইমনিউজবিডি/এসএমআর [/b]
শ্রেণীহীন
চীনে ব্যবসা বন্ধ করে দিচ্ছে রেভলন
ঢাকা: প্রসাধনী পণ্য প্রস্তুতকারী মার্কিন কোম্পানি রেভলন চীনে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। কোম্পানিটি চীনে নেমস্যাক ও অ্যালমি ব্র্যান্ডের মাধ্যমে নিজেদের কার্যক্রম পরিচালনা করত।





