[b]ঢাকা:[/b] ১৮ দলের হরতাল-অবরোধ যতই বাড়ছে,রাস্তায় ততই গাড়ি বেড়ে যাচ্ছে।এখন আর এদেশে হরতাল হয়না বলে মন্তব্য করছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত বিরোধী দলের ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিরোধী দল আন্দোলনে ব্যর্থ হয়ে ১৯৭১ সালের মত  এখন সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে। তারা এদেশ থেকে সংখ্যালঘুদের শেষ করার পরিকল্পনা করছে। যারা এ হামলা করছে তাদেরকে আইনের আওতায় এনে সাজা দেয়ার আহ্বান জানিয়েছেন সরকারের প্রতি।
বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, আর কয়েক দিন পর নতুন সরকার গঠন করা হবে। এ সরকার নতুন উদ্যামে দেশ পরিচালনা করবে। সংলাপের চিন্তা বাদ দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী  করতে কাজ করুন।
এ সময় তিনি বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে তার নাশকতা মূলক কর্মকাণ্ডের জন্য জনগণের  কাছে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান মায়া।
সংগঠনের সভাপতি ও ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হব সবুজের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।