[b]ঢাকা: [/b]দশম জাতীয় সংসদের সংসদ সদস্য হতে সংরক্ষিত আসনের জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম তুলবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বৃহস্পতিবার যেকোনো সময় তিনি মনোনয়ন ফরম তুলবেন বলে গণমাধ্যমকর্মীদের জানান।
স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী বলেন, যেহেতু শুক্রবার সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন তাই আজই ফরম কিনবো।
আগামী ২৯ জানুয়ারি দশম সংসদের স্বাগত অধিবেশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে বর্তমান স্পিকার (শিরীন শারমিন চৌধুরী) তার দায়িত্ব ছেড়ে দেবেন। ওই দিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে কোনো সংসদীয় আসন থেকে নির্বাচন না করায় সংসদ সদস্য হিসেবে টিকে থাকতে সংরক্ষিত আসন থেকে নির্বাচনের বিকল্প নেই। তাছাড়া সংসদের স্পিকার হিসেবে ফের বিবেচিত হতে হলেও সংরক্ষিত অথবা কোন না কোন উপ নির্বাচনে জয়ী হয়ে আসতে হবে।
সেক্ষেত্রে ২৯ জানুয়ারির আগেই সংরক্ষিত আসনে নির্বাচন করে জয়ী হয়ে আসতে চান স্পিকার (শিরীন শারমিন)। তবে সবকিছু নির্ভর করছে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর।
দশম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের জন্য বুধবার থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। চলবে ১৭ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত।
আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে দলীয় প্রার্থীদের ফরম দেওয়া হচ্ছে। প্রথম দিনে ২১০টি ফরম বিক্রি হয়। এর মধ্যে বুধবার দু’টি ফরম জমা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
প্রথম দিনে পুরনোদের পাশাপাশি অনেক নতুন মুখ এবার সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন ফরম তুলেছেন।
সংরক্ষিত আসনের পুরনো সদস্য অ্যাডভোকেট তারানা হালিমের পাশাপাশি ফরম তুলেছেন সৈয়দা রুবিনা আকতার মিরা, নাজমা হোসেন বেবী, কাজী রুহিয়া বেগম হাসি, কাজী কানিজ সুলতানা হোসেন, রোজি রহমানসহ অনেকে।
এরপর ৩০০ আসনের বিপরীতে ৫০টি সংরক্ষিত আসন দল বা জোটের অনুকূলে বণ্টন করা হবে। সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে প্রতি আসনের বিপরীতে সংরক্ষিত নারী আসনের সংখ্যা দাঁড়ায় শূন্য দশমিক ১৬৭টি।
এ পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৩৮, জাতীয় পার্টি ৬, স্বতন্ত্র ২ এবং ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ১টি করে আসন পাবে। বাদ থাকা ৮টি আসনের নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বাকি দু’টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হবে।
দশম জাতীয় সংসদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারি রোববার দলীয় সভানেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে। ওইদিন বিকেল ৩টায় এ সাক্ষাত অনুষ্ঠিত হবে।
শ্রেণীহীন
সংরক্ষিত আসনে মনোনয়ন চান স্পীকার
ঢাকা: দশম জাতীয় সংসদের সংসদ সদস্য হতে সংরক্ষিত আসনের জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম তুলবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।





