ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল ও জামালপুর জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ১০ জন। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় বরযাত্রী বহনকারী প্রাইভেটকার খাদে পড়ে চালক মহাদেব সূত্রধর (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় বরসহ আহত হয়েছেন আরো ৪জন। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ দুঘটনা ঘটে।
বন্ধুসেতু পূর্ব থানার ওসি মনির হোসেন জানান, সিরাজগঞ্জের পৌর এলাকা গোশালা থেকে বরযাত্রী বহনকারী প্রাইভেট কার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়িটির চালক মহাদেব সূত্রধর মারা যায়। এ সময় বর সুমন কুমার সূত্রধরসহ ৪জন আহত হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে জামালপুর সদর উপজেলার ছোনটিয়া এলাকায় পিকনিকের পিকআপভ্যান উল্টে খাদে পড়ে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আহতদের জামালপুর ও সরিষাবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ৮টার দিকে সরিষাবাড়ি আলহাজ্ব জুট মিলের ২০ জন শ্রমিক শেরপুরের মধুটিলায় পিকনিক শেষে বাড়ি ফেরার পথে সদর উপজেলার ছোনটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। ঘটনাস্থলেই জামাল নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের জামালপুর জেনারেল হাসপাতাল ও সরিষাবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই সরিষাবড়ি উপজেলার আলহাজ্ব জুট মিলের শ্রমিক।
এদিকে, শুক্রবার রাত ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে প্রাইভেটকারের চালক মাহমুদুর রশিদ (৩৫) নিহত হন।
সরাইল বিশ্বরোডের খাটিহাতা পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, ঢাকার দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছন দিক দিয়ে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ট্রাকের ভেতরে ঢুকে গেলে এর চালক মামুনুর রশিদ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]