[b]ঢাকা:[/b] দশম জাতীয় সংসদ নির্বাচনকে ‌'বড় সফলতা' হিসেবে চিহ্নিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
তিনি বলেছেন, প্রতিকূল মুহূর্তে আমরা নির্বাচন সম্পন্ন করেছি। এটা আমাদের বড় ধরনের সফলতা। রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো রিপোর্টের ভিত্তিতে তৈরি ফলাফল বিশ্বাসযোগ্য বলেও দাবি করেন তিনি।
বুধবার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি।
ভোটারের কম উপস্থিতির কথা স্বীকার করে কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, বিএনপি না আসায় ভোটা উপস্থিতি কম হয়েছে। বিএনপি নির্বাচনে আসলে ভোটের হার ৮০ ভাগের উপর হতো।
তাড়াহুড়ো করে গেজেট প্রকাশিত হলো কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে তাড়াহুড়োর কিছু হয়নি। গত বার এবং এর আগের বারও এই একই সময়ে গেজেট প্রকাশিত হয়েছিল।
বধুবার দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯০ প্রার্থীর তালিকা চূড়ান্ত করার পর পরই গেজেট আকারে তা প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়। দুপুরের পর পরই গেজেট প্রকাশ করা হয়।গেজেটে ২৯০ জনের নাম রয়েছে।