সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত কুমিল্লার চার শ্রমিকের মৃতদেহ শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার গ্রামের বাড়িতে পৌঁছেছে। লাশের কফিন বাড়িতে পৌঁছার পর স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কুমিল্লার সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গত ১২ মে রাতে সৌদি আরবের রিয়াদের শিফা সানাইয়া এলাকার তিতাস ফার্নিচারে অগ্নিকাণ্ডে নয়জন বাংলাদেশিসহ ১১ জন শ্রমিক মারা যায়। বাকি দুইজন ভারতীয়। নয় বাংলাদেশির মধ্যে সাতজনের বাড়ি কুমিল্লায়।
কুমিল্লার সাতজনের মধ্যে শুক্রবার চারজনের লাশ এসেছে। তারা হচ্ছেন, হোমনার কলাগাছিয়া গ্রামের মতিউর রহমান ও চাঁন্দেরচর গ্রামের মো.সেলিম। তিতাস উপজেলার দুলারামপুর গ্রামের মো.জালাল এবং কালিপুর গ্রামের মো.শাহআলম।
শুক্রবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি-০৪০ নম্বর ফ্লাইটে মৃতদেহগুলো দেশে আসে। একই দিন দেশে আসে মাদারীপুরের শিবচর উপজেলার শেনারবাত গ্রামের খোরশেদ ও নোয়াখালীর সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের জাকির হোসেনের মৃতদেহ।
শনিবার সকালে কুমিল্লায় চার শ্রমিকের মৃতদেহ দাফন করা হবে বলে তাদের স্বজনরা জানান। সৌদির তিতাস ফানির্চারে ১৫জন শ্রমিক কাজ করতো।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]