আজ ১৮ ফেব্রুয়ারি শহীদ ড. শামসুজ্জোহা দিবস। ১৯৬৯ সালের এইদিনে গণঅভ্যুত্থানে ড. জোহার শহীদ হওয়ার ঘটনা মুক্তি সংগ্রামকে বেগবান করেছিল। এই দিনটিকে প্রতি বছর শহীদ জোহা দিবস হিসেবে পালন করা হয়।
এ বছর শহীদ জোহার ৪৫তম শাহাদৎবার্ষিকী পালনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটিকে জাতীয়ভাবে স্মরণের দাবি জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আজো সে দাবি পূরণ হয়নি।
১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থান আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের তৎকালীন শিক্ষক ড. মুহম্মদ শামসুজ্জোহা প্রক্টরের দায়িত্ব পালনকালে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হন। তিনিই এদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। প্রতিবছর ১৮ ফেব্রুয়ারি দিনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষক দিবস’ হিসাবে পালিত হয়ে আসছে।
আজ মঙ্গলবার দিবসের কর্মসূচির মধ্যে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, আবাসিক হল ও অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ ড. জোহার সমাধি ও প্রধান ফটকের সামনে অবস্থিতি স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৯টায় অফিসার সমিতির কার্যালয়ে আলোচনা সভা।
সকাল ১০টায় সিনেট ভবনে জোহা স্মারক বক্তৃতায় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খানি ও বিশেষ মোনাজাত করা হবে। জোহা দিবস উপলক্ষে সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শহীদ স্মৃতি সংগ্রহশালা দর্শকদের জন্য খোলা থাকবে।
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]