৪র্থ উপজেলা নির্বাচনের ষষ্ঠ দফা আগামী সোমবার (১৯ মে) অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনে বিগত পাঁচ দফার মতো নির্বাচনে ভোট জালিয়াতির আশঙ্কা করেছেন ১২ উপজেলার প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়্যারম্যান , ভাইস চেয়ারম্যান (পুরুষ-মহিলা) অধিাকাংশ প্রার্থী। আর এ আশঙ্কায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য  নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন সচিবালয়ে শতাধিক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ-মহিলা ) প্রার্থী আবেদন করেছেন। পাশাপাশি ১২টি উপজেলা থেকে বিভিন্ন সামাজিক সংগঠন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর লিখিত আবেদন করা হয়েছেন।
ইসির সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন কমিশনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত  প্রার্থীদের  বিরুদ্ধে আচারণ বিধি, বিরোধী প্রার্থী-সমর্থকদের মারধর, প্রাননাশের হুমকিসহ বিভিন্ন অভিযোগ দাখিল করেছেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র, বিএনপিসহ বিভিন্ন প্রার্থীরা ।  এছাড়া  এসব প্রার্থী এ বিষয়ে  স্থানীয় রিটানিং কর্মকর্তা ও প্রশাসনের কাছে অভিযোগ  করলে  কোন প্রতিকার পায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া উল্টো তাদরে সমর্থক-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে বলা হয়েছে।  প্রার্থীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র, বিএনপিসহ বিভিন্ন প্রার্থীকে নির্বাচনের আগে এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে। আর এলাকা না ছাড়লে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
ইসি সূত্র আরো জানায়, গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে আবেদন জানিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আবদুল আজিজ সরকার। অভিযোগে তিনি বলেন- আওয়ামী সমর্থিত প্রার্থী আবদুল মতিন চৌধুরী ঋণখেলাপি হওয়া সত্ত্বেও রিটার্নিং অফিসার তার প্রার্থিতা বহাল রেখেছেন।
এছাড়া স্থানীয় প্রশাসন আওয়ামী প্রার্থীর কাজ করছে। নির্বাচনের দিন কেন্দ্র দখল ও ভোট ডাকাতির প্রস্তুতি নিয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী। এ জন্য কমিশন থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা ও ঋণখেলাপির বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে  কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কাওছারুল ইসলাম সুমন (মোটরসাইকেল) নির্বাচন কমিশনে সরকার সমর্থিত প্রার্থীর হুমকি ও কেন্দ্র দখলের আশঙ্কা করে অভিযোগ করেছেন। অভিযোগে তিনি বলেন, ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীর লোকজন আগের রাতেই কেন্দ্র দখল করে নেওয়ার প্রকাশ্য ঘোষণা দিয়েছে। এ ছাড়া এ উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ভোটের দিন আটটি ইউনিয়নের ভোট কেন্দ্র দখল হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের জন্য ইসিকে অনুরোধ করেছেন তিনি।
এ ছাড়া এসব কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসিকে অনুরোধ জানিয়েছেন তিনি। অভিযোগে উল্লেখ্য করা হয়েছে, এ উপজেলার স্পর্শকাতর আটটি ইউনিয়ন হচ্ছে পেরুল উত্তর ও দক্ষিণ, বাঘমারা উত্তর ও দক্ষিণ, ভুলুন উত্তর ও দক্ষিণ, ভেলঘর উত্তর ও দক্ষিণ ইউনিয়ন।
নির্বাচন কমিশনে এসে  লিখিত অভিযোগ  দাখিল করেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চেয়ারম্যান প্রার্থী শাহিদ সিরাজী। অভিযোগে তিনি বলেন, সরকার দল সমর্থিত প্রার্থী নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। নিয়ম ভেঙে প্রতিদিন দলীয় প্রার্থীর পে প্রচারণা চালাচ্ছেন স্থানীয় এমপি। এ ছাড়া স্থানীয় প্রশাসন ও সরকার দলীয় প্রার্থীর পে কাজ করছে। এ অবস্থায় বিজয়নগর থানার ওসি আবদুল রসুল নিজামীসহ স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের বদলির আবেদন  জানান তিনি। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অতিরিক্ত ফোর্স মোতায়েনেরও দাবি করেন এ প্রার্থী। এ রকম আরও অসংখ্য অভিযোগ এসেছে ইসিতে। কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না ইসি।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তা খতিয়ে দেখে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে নির্বাচন কমিশন।
১২ উপজেলায় ৬১ জন চেয়ারম্যান প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৬৯ জন  ও  মহিলা ভাইস চেয়ারম্যান ৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা  করছেন।  
গত ১৬ এপ্রিল ১৪ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এর মধ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী ও নারায়ণগঞ্জ বন্দর উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। আগামী ১৯ মে ১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো হলো-রংপুর সদর, কাউনিয়া, গঙ্গাচড়া, পীরগাছা, সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার তালতলি, টাঙ্গাইলের বাসাইল, গাজীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও কুমিলা জেলার আদর্শ সদর এবং সদর দক্ষিণ।
[b]ঢাকা, এএম, ১৮ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]