সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে ২জন নিহত ও অন্তত ৫০ জন আহত হবার খবর পাওয়া গেছে। সংঘর্ষের ফলে উল্লাপাড়া হয়ে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার ভোররাত সোয়া চারটার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে একতা ও লালমনি এক্সপ্রেসের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে ছিল। ভোরে ঢাকা থেকে দিনাজপুরগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটিও ওই স্টেশনে পৌঁছালে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহত হন অন্তত ৫০ জন।
সংঘর্ষে নিহতরা হলেন, নাটোর সদর উপজেলার হরিশপুর গ্রামের আলতাফ হোসেন (৩৫) ও লালমনিরহাটের আদিতমারি স্টেশন মাস্টার মজিবুর রহমান (৪৫)।
পরে খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ (জিআরপি), উল্লাপাড়া থানা পুলিশ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, বগুড়া, শাহজাদপুর ফায়ার ব্রিগেড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]