সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। আহত স্কুল ছাত্রের নাম আলামিন (১৫) বলে জানা যায়। সে স্থানীয় ইউনিক কিন্ডারগার্টেন স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
শুক্রবার সকালে সাভার পৌর এলাকার ইমান্দিপুর পূর্বপাড়ায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ইমান্দিপুর পূর্বপাড়া মহল্লার পলির বাড়ির ভাড়াটিয়া ব্যবসায়ী রেজাউল (৪০) বাড়ির পাশে বেলুন ফোলানোর জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে গ্যাস তৈরি করছিলেন।
এ সময় স্কুলছাত্র আলামিন সেখানে দাঁড়িয়ে গ্যাস তৈরির দৃশ্য দেখছিল। একপর্যায়ে সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হলে গুরুতর আহত হয় আলামিন।
পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের সীমা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর বেলুন ব্যবসায়ী রেজাউল পলাতক।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তফা কামাল  জানান, এ রকম কোনো ঘটনা তাদের জানা নেই।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]