প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চক্রান্তের মামলায় সাংবাদিক শফিক রেহমান গ্রেফতার হওয়ার প্রোপটসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গতকাল মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাত সোয়া ৯টায় বৈঠক শুরু হয়ে চলে সোয়া ১১টা পর্যন্ত। এতে বেশ কিছু সিদ্ধান্ত হয় বলে সূত্র জানিয়েছে।

বৈঠকে থাকা দলের যুগ্ম মহাসচিব পর্যায়ের এক নেতা জানান, সাংবাদিক শফিক রেহমান গ্রেফতার হওয়ার প্রোপট নিয়ে মূলত আলোচনা হয়েছে। হঠাৎ সরকার তাকে কেন গ্রেফতার করে রিমান্ডের নামে জেলে নিলো এ নিয়ে উপস্থিত কেউ কোনো তথ্য দিতে পারেননি।

ফলে সঠিক তথ্য পেতে আগামী দুয়েক দিনের মধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কাছে চিঠি দেবে বিএনপি। এতে এ সম্পর্কিত কী ধরনের তথ্য রয়েছে তা জানাতে অনুরোধ জানানো হবে। একই সাথে শফিক রেহমানের মামলা লড়তে দলের সিনিয়র আইনজীবীদের নির্দেশ দেয়া হয়েছে।

ওই নেতা আরো জানান, বৈঠকে আরেকটি বিষয় সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। সেটি হচ্ছে দলের চেয়ারপারসনের মামলা কার্যক্রম। সরকার দ্রুত এই মামলার কার্যক্রম শেষ করতে আদালতকে প্রভাবিত করছে বলে বৈঠকে জানানো হয়। যে কারণে মামলার তারিখ দ্রুত ও ঘনঘন পড়ছে।

একই সাথে দলের সিনিয়র নেতাদের মামলার কার্যক্রমও দ্রুততার সাথে চলছে। বিএনপি নেতারা মনে করছেন, সরকার হয়তো বিএনপির নেতাদের মামলায় দোষী সাব্যস্ত করে একটি আগাম নির্বাচন দিতে পারে। যাতে বিএনপি সিনিয়র নেতারা অংশ নিতে না পারেন এবং আওয়ামী লীগ সরকার আবারো মতায় আসতে পারে।

ওই নেতা আরো জানান, ইউপি নির্বাচনে থেকে যাওয়া এবং দল পুনর্গঠনের সময় দলের নেতাকর্মীদের ওপর মামলা হামলা বেড়ে যাওয়ার বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

এসব বিষয় জাতির সামনে তুলে ধরে নিজেদের অবস্থান পরিষ্কার করতে এ মাসের যেকোনো সময় সংবাদ সম্মেলনের আয়োজন করবে বিএনপি।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, শাহ মোয়াজ্জেম হোসেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, হারুন আল রশীদ, মে. জে. (অব:) হাফিজউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. ওসমান ফারুক, শাহজাহান ওমর, ইনাম আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আবদুল আউয়াল মিন্টু, সাবিহ উদ্দিন আহমেদ, জয়নাল আবদিন, শামসুজ্জামান দুদু, অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন, মোহাম্মদ শাহজাহান, রুহুল কবির রিজভী, মাহবুবউদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমবি