রাজাকার, জঙ্গি ও বখাটে নারীর জন্য ভয়ঙ্কর শত্রু বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেছেন, ‘নারীর মর্যাদা রাখতে হলে, নারী নির্যাতন মোকাবিলা করতে হলে এক সুরে বলতে হবে তুই রাজাকার বিদায় হ, নিপাত যা; তুই জঙ্গি বিদায় হ, নিপাত যা; তুই বখাটে বিদায় হ, নিপাত যা।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বৃহস্পতিবার সকাল ১০টায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে ‘পারিবারিক সহিংসতা : ব্যক্তিগত নয় রাজনৈতিক’ শীর্ষক এই আলোচনা সভার যৌথভাবে আয়োজন করে ঢাবির উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ও বাংলাদেশ মহিলা পরিষদ।

হাসানুল হক ইনু বলেন, ‘রাজাকাররা একাত্তরে মুক্তিযুদ্ধের সময় নারী নির্যাতন করেছে। আবার বর্তমান সময়ের নব্য রাজাকাররাও নারী নির্যাতনের সঙ্গে জড়িত। নতুনভাবে গজিয়ে ওঠা জঙ্গিরাও নারীদেরকে খাট করে দেখে, নারীর প্রতি আক্রমণ করে। তারা নারী সাংবাদিকদের ওপর নির্যাতন করে। ধর্মান্ধতা ও কুসংস্কারের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘নারীদের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক নেতারাও সচেষ্ট না। কোনো রাজনৈতিক নেতাকর্মী বউ পেটায় না এটা আমি নিশ্চিত করে বলতে পারব না।’

তিনি বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠায় আইন-কানুন আছে, সেগুলো বাস্তবায়নের জন্য সোচ্চার হতে হবে।

ঢাবির উইমেন এ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন তানিয়া হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির টেলিভিশন এ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া, উইমেন এ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আয়েশা বানু।

মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের আয়শা খানম।

জেআই