জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির শনিবারের জনসভার অনুমতি না মিলায় পরবর্তী অবস্থান ব্যক্ত করতে সংবাদ সম্মেলন করবে দলটি।
শনিবার দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাতে দলের শীর্ষ নেতারা নিজেদের মধ্যে বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছেন। চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান টাইমনিউজবিডি.কমকে এই তথ্য জানিয়েছেন ।
এর আগে, শুক্রবার বিকাল থেকে ডিএমপিতে একাধিকবার চেষ্টা করেও জনসভার অনুমতি নিশ্চিত করতে পারেনি বিএনপি। এ অবস্থায় রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বরকতউল্লাহ বুলু, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল জরুরি বৈঠকে বসেন।
প্রায় ঘন্টাব্যাপী বৈঠকে দলের পরবর্তী কর্মসূচি নির্ধারন করেন তারা। শনিবারের সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
এর আগে শুক্রবার বিকাল ৫টায় দলের যুগ্ম মহাসিচব বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে যান। সেখানে তারা রাত ৮ পর্যন্ত অপেক্ষা করে কোনো সন্তোষজনক বার্তা না পেয়ে ফিরে আসেন।
এমএইচ





